বকেয়া নিয়ে বিটিআরসি’র সহায়তা চাইলেন ইয়াসির আজমান

৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৫৯  
প্রথম বাংলাদেশী হিসেবে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের (জিপি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও)দায়িত্ব নিলেন ইয়াসির আজমান। দায়িত্ব নেয়ার পর ৩ ফেব্রুয়ারি জিপি হাউজে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ১২ কিস্তিতে বকেয়া পাওনার ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোন প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সহায়তা চেয়েছেন তিনি। অপর এক প্রশ্নের উত্তরে ইয়াসির আজমান বলেন, বকেয় পাওনা নিয়ে গ্রামীণফোন রাষ্ট্রপতিতে কোনো চিঠি দেয়নি। মূলত চিঠিটি পাঠিয়েছিলো টেলিনর। আর সেটি উকিল নোটিশ ছিলো না। রাষ্ট্রপতির সহায়তা কামনা করে সেটি পাঠানো হয়েছিলো। ইয়াসির আজমানকে ১ ফেব্রুয়ারি থেকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ। তিনিই গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও। নিয়োগ দানের পরপরই বকেয়া পাওনা নিয়ে ছাড় চেয়ে আপিল বিভাগের নিরেদশনার রিভিউ পিটিশন দাখিল করে গ্রামীণফোন। গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে পাওনা দাবির প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা জমা দিতে বলেছিল। বিটিআরসিকে পরিশোধের জন্য আদালত গ্রামীণফোনকে ৩ মাস সময় দিয়েছিলেন। সেই সময় শেষ হতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি।